logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ নভেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে চাঞ্চল্যকর আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, প্রধান আসামি বিএনপি নেতা এস ইউ সাদ্দাম

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
সিলেটে চাঞ্চল্যকর আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, প্রধান আসামি বিএনপি নেতা এস ইউ সাদ্দাম

সিলেট :

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস ইউ সাদ্দামকে প্রধান আসামি করে ৩৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) জৈন্তাপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ বাদী হয়ে মামলাটি করেন। মামলার নম্বর ১৫।


মামলার এজাহারে এস ইউ সাদ্দামকে ১ নম্বর আসামি করা হয়েছে। তাঁর সঙ্গে আরও ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোং-এর সামনে থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।


আটকের পর তাঁকে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই দিন গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)। তাঁদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ফেসবুকে দেওয়া এক পোস্টে এস ইউ সাদ্দাম দাবি করেন, ফরহাদের জানাজায় অংশ নিতে বাজারে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় বিশৃঙ্খলা দেখতে পেয়ে তিনি সেখানে থামেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাঁকে জানান, আওয়ামী লীগের কিছু লোক তাঁদের ওপর আক্রমণ করছে। পরে তিনি পুলিশ সদস্যদের সহযোগিতা করার চেষ্টা করেন। পরিস্থিতি জটিল হলে পুলিশ তাঁকে সেখান থেকে চলে যেতে বলে এবং তিনি চলে যান বলে পোস্টে উল্লেখ করেন।


এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয়তাবাদী দলের কোনো সদস্য জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশি হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সূত্র: সিলেটভিউ২৪, ১০ নভেম্বর ২০২৬।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18847
Page of