logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ভূমি জটিলতায় আটকে কৈলাশটিলা-৯ কূপ খনন, সমঝোতায় শেষ চেষ্টা বুধবার

চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ নভেম্বর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
ভূমি জটিলতায় আটকে কৈলাশটিলা-৯ কূপ খনন, সমঝোতায় শেষ চেষ্টা বুধবার

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন প্রকল্পের জটিলতা যেন কাটছেই না। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণ শুরু হলেও জমির রেকর্ড সংশোধন, নামজারি ও ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধসংক্রান্ত জটিলতায় থমকে আছে প্রকল্পের কাজ। সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠক হলেও এখনো মেলেনি চূড়ান্ত সমাধান।


এ অবস্থায় প্রকল্পের কাজ এগিয়ে নিতে ভূমি মালিকদের সঙ্গে আবারও সমঝোতা বৈঠকের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ভূমি মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয়।


সভায় ইউএনও মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপনগর মৌজায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খননের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিপূরণের অর্থ বিতরণও শুরু হয়েছে। তবে জমির রেকর্ডে ত্রুটি, নামজারি না থাকা এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় অনেক ভূমি মালিক ক্ষতিপূরণের অর্থ পেতে প্রয়োজনীয় আবেদন করতে পারছেন না।


এসব সমস্যা সমাধানে নামজারি ও খাজনা পরিশোধের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে ভূমি মালিকদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।


ইউএনও আরও বলেন, জমির রেকর্ড সংশোধন না করে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁদের বেশিরভাগেরই জমির বৈধ মালিকানা নেই বলে তিনি দাবি করেন। প্রকল্পের কাজ শুরুতে বিলম্ব হওয়ায় এর ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়নের সময়সীমা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও রয়েছে।


তিনি জানান, সমস্যা সমাধানে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে বুধবার দুপুর ২টায় ভূমি মালিকদের সঙ্গে আবারও সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সমাধান না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ প্রক্রিয়ায় প্রকল্পের কাজ শুরু করবে।


সভায় উপস্থিত বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করছে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) এ কে এম আলমগীর আজাদ, জিএম (প্রশাসন) তারেক আহমদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


এদিকে, ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপের কাজ কবে নাগাদ শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বুধবারের সমঝোতা বৈঠকের সিদ্ধান্তের ওপরই প্রকল্পের পরবর্তী অগ্রগতি অনেকটা নির্ভর করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18842
Page of