যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: ১০ সীভ মেশিন জব্দ, ৩ স্টিলবডি আটক, জরিমানা ১ লাখ টাকা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি সীভ বা রোটর জব্দ এবং তিনটি স্টিলবডি নৌযান আটক করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট তিন নৌযানের মালিককে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি সীভ/রোটর জব্দ করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি স্টিলবডি নৌযান আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে আটক নৌযানগুলোর তিন মালিককে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর স্বাভাবিক পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।