পরিবেশবান্ধব বিদ্যালয় গড়তে ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমঝোতা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সুনামগঞ্জের তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘সবুজ বিদ্যালয় কমিটি’।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে সবুজ বিদ্যালয় কমিটির পক্ষে স্বাক্ষর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান।
এর আগে প্রধান শিক্ষক রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার পাভেল আহমেদ, ইউপি সদস্য আলী আবদাল খোকন, জুনায়েদ আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ এবং অভিভাবক নুর মিয়াসহ অন্যরা।
সভায় বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, সবুজায়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
গঠিত সবুজ বিদ্যালয় কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগমকে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সহকারী শিক্ষক হোসাইন আহমেদ।
উদ্যোক্তারা জানান, বিদ্যালয়কে সবুজায়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে।