দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ কোটি টাকা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারগুলোর প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রামের বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা প্রায় ১৫টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গ্রামবাসী প্রথমে দিরাই ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করেন। পাশাপাশি নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র, ধান-চাল, গবাদিপশু, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তের আগুনে তাদের দীর্ঘদিনের সাজানো সংসার ছাই হয়ে গেছে। বর্তমানে পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতিনিধি এবং দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া বসতঘরগুলো ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তারা।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজীব রশিদ চৌধুরী, দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্যসচিব বিষ্ণুপদ সরকার, সদস্য কবিন্দ্র দেবনাথ, বিকাশ দাস ও দীজেন্দ্র সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে অশোক তালুকদার বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে তারা ঘটনাস্থলে এসেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও ১৪টি পরিবারের মোট ক্ষয়ক্ষতি আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকা হতে পারে বলে তিনি ধারণা করছেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, সোমবার জারুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সহায়তায় এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে। তদন্তের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।