logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০২ নভেম্বর ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা নয়, হকারদের বিকল্প স্থানে যাওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

আপনাদের সহযোগিতা ছাড়া আমি শূন্য, আর আপনাদের নিয়ে আমি পরিপূর্ণ’—আব্দুল কাইয়ুম চৌধুরী
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন
ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা নয়, হকারদের বিকল্প স্থানে যাওয়ার আহ্বান সিসিক প্রশাসকের

সিলেট নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তুলতে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য হকারদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে হকারদের জীবিকা ও পারিবারিক দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার অনুরোধ জানিয়েছেন তিনি।


প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হকারদের জীবিকার প্রয়োজন ও পারিবারিক দায়িত্বের বিষয়টি সিটি কর্পোরেশন আন্তরিকভাবে উপলব্ধি করে। এ কারণে কঠোর ব্যবস্থা গ্রহণের আগে বারবার সচেতন করা হচ্ছে। পাশাপাশি তাঁদের জন্য বিকল্প জায়গায় ব্যবসা পরিচালনার সুযোগও করে দেওয়া হয়েছে।


তিনি বলেন, কয়েকজনের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হওয়া কাম্য নয়। সিলেট নগরীর সড়কগুলো যানবাহনের তুলনায় অনেক ছোট। তাই ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা সবার দায়িত্ব।


হকারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা নির্ধারিত বিকল্প স্থানে গিয়ে ব্যবসা পরিচালনা করুন। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশন আপনাদের সহযোগিতা চায়। আমরা চাই না কাউকে জেল-জরিমানা করতে হোক।


নগরবাসী ও হকারদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে সিসিক প্রশাসক বলেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া আমি শূন্য, আর আপনাদের নিয়ে আমি পরিপূর্ণ।’


তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সচেতনতার মাধ্যমে সিলেট নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


নগরীর শৃঙ্খলা রক্ষা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল এবং যানজট নিরসনে হকারদের পাশাপাশি নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18522
Page of