মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় এ আসনে আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।
সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় ১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২(১) ধারা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় একমাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।