ভারতীয় মদ-কসমেটিকস থেকে মহিষ-গরু, ১ কোটি ২৩ লাখ টাকার পণ্য আটক করল বিজিবি
সিলেট:
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এসব চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন প্রকারের কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা আটক করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে। আটক করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।