logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পাঁচ ধাপে ভোট, প্রথম পর্যায়ে এক হাজারের বেশি ইউপি নেওয়ার পরিকল্পনা; প্রস্তুত ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র

২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ১২ ডিসেম্বর

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০১:৪১ অপরাহ্ন
২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ১২ ডিসেম্বর

ঢাকা : আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনী তফসিল আগামী ১২ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। ভোটের ৪০ দিন আগে জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।


সোমবার (২ নভেম্বর) প্রকাশিত দৈনিক সময়ের আলোর প্রতিবেদনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেছেন, ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ভোটের ৪০ দিন আগে ১২ ডিসেম্বর তফসিল ঘোষণার কথা রয়েছে। তিনি আরও জানান, ইউপি নির্বাচনের জন্য কমিশন পুরোদমে প্রস্তুত রয়েছে।


এর আগে ১২ অক্টোবর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।


পাঁচ ধাপে ভোটগ্রহণের সময়সূচি


ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রথম ধাপে প্রাথমিকভাবে ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এসব ইউনিয়ন পরিষদ দেশের ৮০টি উপজেলার অন্তর্ভুক্ত। তবে পরবর্তী সময়ে প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। চূড়ান্ত তালিকা তফসিল ঘোষণার সময় জানা যাবে।


সদর উপজেলা ও মেয়াদোত্তীর্ণ ইউপিকে অগ্রাধিকার


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের সব জেলায় একই সঙ্গে নির্বাচনী কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর নির্বাচনও অগ্রাধিকার পাবে।


তিনি জানান, দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী ২০২৭ সালের ২৭ মের মধ্যে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আগে সাত ধাপে নির্বাচনের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে পাঁচ ধাপে আনা হয়েছে।


দেশে ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি, ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


তবে মামলা, সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এসব জটিলতা নিরসন করে পর্যায়ক্রমে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।


৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ৪২৫টি।


এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।


ভোটার তালিকায় ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার


সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।


স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।


নির্বাচন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি


ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা না থাকলেও প্রথম ধাপে সহিংসতা বেশি হলে পরবর্তী ধাপের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।


এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।


সব মিলিয়ে আগামী বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর সামনে রেখে দেশের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আলোচনা ও প্রস্তুতি বাড়ছে।

দৈনিক সময়ের আলো, ২ নভেম্বর ২০২৬

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18531
Page of