logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ নভেম্বর ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০২:৪৯ পূর্বাহ্ন
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার ত্বরান্বিত করতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তিনি এক্সপোর উদ্বোধন করবেন।


রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।


সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের উদ্যোগ


সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বিনিয়োগ ত্বরান্বিত করতে সরকার ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ গ্রহণ করা হয়েছে।


ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থার আওতায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে পরিচালন ব্যয়ভিত্তিক (Operational Expenditure বা OpEx) মডেলও উৎসাহিত করা হচ্ছে।


এ ছাড়া সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় কমানো এবং বিনিয়োগ উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিসংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং মূল্য সংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


প্রদর্শনীতে থাকবে আধুনিক সৌরপ্রযুক্তি


‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য হলো সৌরপ্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।


এক্সপোতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ আধুনিক সৌর সরঞ্জামের বিশেষায়িত প্রদর্শনী থাকবে। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরবে।


দুই দিনে চারটি বিশেষ সেমিনার


দুই দিনব্যাপী এ আয়োজনে প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘Policy, People and Capital for Bangladesh’s Solar Revolution’ প্রতিপাদ্যের অধীনে সেমিনারগুলোতে আলোচনা হবে—


১. Powering the Future of Bangladesh: Pathways to a National Solar Revolution


২. Leading by Example: Scaling Rooftop Solar in Public Sector


৩. Domestic and Industrial Rooftop Solar: Ensuring Energy Security and Creating Employment


৪. Financing the Solar Revolution: Unlocking Private Capital and Carbon Revenue


এসব সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচক হিসেবে অংশ নেবেন। পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ওরিয়েন্টেশন পর্বেরও আয়োজন রাখা হয়েছে।


প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ গুরুত্ব


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগকে এ এক্সপোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।


আয়োজকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগের সঙ্গে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বিস্তৃত হবে।


‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতি গড়ে তোলার পথেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18529
Page of