জেলা পর্যায়ে দ্বিতীয়বার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত বালাগঞ্জের শেখ জুয়েল রানা
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন বালাগঞ্জের কৃতিসন্তান শেখ জুয়েল রানা। জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ যুব সংগঠক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।
রোববার (১ নভেম্বর) সিলেট জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
শেখ জুয়েল রানা শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল (রহ.) যুব কল্যাণ সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, ২০০৮ সাল থেকে নিজের প্রতিষ্ঠিত শাহজালাল ট্রেনিং একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন শেখ জুয়েল রানা। এসব প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন তিনি।
প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন শেখ জুয়েল রানা। যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন করায় বালাগঞ্জের বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।