logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০১ নভেম্বর ২০২৬ ০২:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১১ লাখ টাকার গরু ও চোরাচালানি পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০২:২২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০২:২২ অপরাহ্ন
জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযান, ১১ লাখ টাকার গরু ও চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা, পাতার বিড়ি ও একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) সকালে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।


অন্যদিকে, সকাল আনুমানিক ৮টার দিকে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং একটি অটোরিকশা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।


দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18496
Page of