logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ নভেম্বর ২০২৬ ০২:৪১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০২:৪১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ নভেম্বর ২০২৬ ০২:৪১ পূর্বাহ্ন
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই অভিযোগ

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির বাইরে কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত অর্থ নিতে পারবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।


শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জনপ্রতি ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করলে কিংবা পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, টালবাহানা বা ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে secretary@probashi.gov.bd।


মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।


এ ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ করার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। তাই এ স্লিপের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তা না দেওয়ার বিষয়ে কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।


মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করবে মন্ত্রণালয়। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মানসম্মত, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে মন্ত্রণালয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18528
Page of