ওসমানীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শনিবার সিলেটে সাংবাদিকদের সমাবেশ
সিলেট :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন সিলেটের সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সমাবেশ সফল করতে সিলেটের সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।