logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দলীয় সমর্থন প্রত্যাশী এই নেতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে আলোচনা, তুলে ধরছেন দীর্ঘদিনের সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড

গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুল মতিন

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ন
গোয়াইনঘাটের নন্দিরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মতিন।


গত ২৬ সেপ্টেম্বর নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে মতবিনিময় করেন তিনি। এরপর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আব্দুল মতিন নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি মার্জিত, মিষ্টভাষী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।


ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় আসছে। স্থানীয় কয়েকজনের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। তবে নির্বাচনে তাঁর প্রকৃত জনসমর্থন ও দলীয় মনোনয়ন বা সমর্থনের বিষয়টি এখনো নিশ্চিত নয়।


স্থানীয় প্রবীণ নাগরিকদের অনেকে মনে করেন, নন্দিরগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। এসব ক্ষেত্রে উন্নয়নের প্রত্যাশা থেকেই সম্ভাব্য প্রার্থীদের কর্মকাণ্ড ও যোগ্যতা নিয়ে আলোচনা করছেন তাঁরা।


নির্বাচনী প্রস্তুতি ও নিজের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য জানতে আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


এ বিষয়ে নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুন নুর বলেন, আব্দুল মতিন ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে সাংগঠনিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা করতেও তিনি ভূমিকা রেখেছেন বলে দাবি করেন আব্দুন নুর।


তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মতিন। বিশেষ করে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি এবং ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় খাদ্যসহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে ছিলেন। প্রতিবছর শীত মৌসুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণেও তিনি অংশ নেন।


আব্দুন নুরের ভাষ্য অনুযায়ী, নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন এবং বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রেও আব্দুল মতিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করেও তিনি দলীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নন্দিরগাঁওয়ে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত দলীয় সমর্থন কারা পাবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে নির্বাচনী প্রক্রিয়া, প্রার্থীদের কর্মকাণ্ড ও ভোটারদের সিদ্ধান্তের ওপর।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18204
Page of