logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১৭ অক্টোবর ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দুর্গাপূজার ছুটিতে পর্যটক বাড়ার প্রত্যাশা, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় পর্যটন ব্যবসায়ীরা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫ শতাধিক পর্যটক

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০৩:১১ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেকে ৫ শতাধিক পর্যটক

রাঙামাটি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই পাঁচ শতাধিক পর্যটকের আগমন ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র। দীর্ঘদিন পর্যটক না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়া রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।


পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে সাজেকে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে সাম্প্রতিক সময়ে ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তার একটি অংশ পুষিয়ে নেওয়া সম্ভব হবে।


সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে পৌঁছান। বিকেলের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।


সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, দীর্ঘদিন পর্যটকদের আগমন বন্ধ থাকায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।


এর আগে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রশাসন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এরপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসন সাজেকের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।


নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে শুক্রবার থেকে পর্যটকদের জন্য সাজেক আবারও উন্মুক্ত হয়েছে। পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় পর্যটন ব্যবসা ও সংশ্লিষ্ট মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সূত্র: বাংলা ট্রিবিউন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18208
Page of