logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত খালেদের মরদেহ দেশে ফিরল, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত খালেদের মরদেহ দেশে ফিরল, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

কানাইঘাট :

সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশি যুবক খালেদ আহমদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের আকুয়া সীমান্ত এলাকায় নিহত হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়।

নিহত খালেদ আহমদ (২৩) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে কানাইঘাটের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন খালেদ। সেখানে গরু আনা-নেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশি চোরাকারবারিদের সঙ্গে ভারতীয় খাসিয়াদের বিরোধের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় গুলির ঘটনা ঘটলে খালেদ গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকার একটি জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে খালেদের মৃত্যু হয়েছে। আবার বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এ সময় একজন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে তাঁরা সোর্সের মাধ্যমে জানতে পারেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


স্থানীয় জনপ্রতিনিধি নাজিম উদ্দিন জানান, খালেদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর পুলিশ ও বিজিবিকে অবহিত করা হয়। পরে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।


শুক্রবার বিকেলে বিজিবির সহায়তায় এবং উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খালেদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের খবর তাঁরা পেয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।


সীমান্তে সংঘটিত এ মৃত্যুর ঘটনায় কে গুলি চালিয়েছে, তা নির্ধারণে তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র  চ্যানেল ২৪⁠

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18199
Page of