logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে: তারেক রহমান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—নিরাপদে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪৪ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৪৪ পূর্বাহ্ন
ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—নিরাপদে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকাঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন।


শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মের বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।


তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। ধর্মীয় উৎসব উদযাপনের এই ঐতিহ্য দেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।


তারেক রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ আদর্শ। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।


বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে দেশ পুনর্গঠনের ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার।


তিনি বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’


বিবৃতির শেষাংশে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে শারদীয় দুর্গোৎসবের আনন্দ উদযাপন করেন। তিনি তাঁদের আবারও শুভেচ্ছা জানান।


সূত্র: বাংলা ট্রিবিউন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18201
Page of