logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে ধরা পড়ল অবৈধ পণ্যবাহী ট্রাক

বালুর নিচে লুকানো ৯ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ অক্টোবর ২০২৬ ০২:৫২ পূর্বাহ্ন
বালুর নিচে লুকানো ৯ লাখ ৭৪ হাজার টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২

সিলেট:

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের দুই আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনে পাকা সড়কে পরিচালিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নূর শাহীন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটি আটক করে।


পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।


উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে—১০ বস্তা ভারতীয় জিরা (K.S. GOLD JEERA INDIA), ৩৫ বস্তা বিস্কুট (HIDE & SEEK BLACK BOURBON), ১১ বস্তা জুস (AMUL KOOL KESAR FLAVOUR), ৮ বস্তা ZAYCO ফুচকা এবং ২ বস্তা PINKO ফুচকা। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।


এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মো. শামীম হোসেন (২৮), পিতা মো. বদর উদ্দিন ও মাতা সামছুন নাহার; তাঁর বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে। অপরজন সামিম তরফদার (২৯), পিতা মো. ছব্দুল তরফদার ও মাতা চিয়ারী বেগম; তাঁর বাড়িও যশোর জেলার বাঘারপাড়া থানার মাঝিয়ালি গ্রামে।


পুলিশ জানায়, এ ঘটনায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখে এয়ারপোর্ট থানায় মামলা নম্বর ১৯ দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18202
Page of