আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে ঋণ প্রস্তাব চূড়ান্তের আলোচনা
ঢাকাঃ
বাংলাদেশের জন্য নতুন ঋণ প্রস্তাবের বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরু হবে। ঋণ প্রস্তাবের যেসব বিষয় এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলোর সমাধানের মাধ্যমে চুক্তি চূড়ান্ত করাই আলোচনার মূল লক্ষ্য।
শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে নীতিগতভাবে সবকিছু ঠিক রয়েছে। এখন চুক্তিটি কীভাবে চূড়ান্ত করা যায়, তা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদল আলোচনা করবে। বাংলাদেশের পক্ষ থেকে আইএমএফের কাছে দেওয়া ঋণ প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এসব উন্নয়ন সহযোগী বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগীরাও বিষয়টিকে একইভাবে দেখছে।
বিশ্বব্যাংকের সঙ্গে পাঁচ বছরের উন্নয়ন কাঠামো
এদিকে বিশ্বব্যাংকের সঙ্গে আগামী পাঁচ বছরের উন্নয়ন সহযোগিতার কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে একটি কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সইয়ের প্রস্তাব দিয়েছে ঢাকা।
অর্থমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের জন্য সরকার একটি উন্নয়ন কাঠামো তৈরি করেছে। এ কাঠামোর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।
ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ২০২৬ সালের আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
এ ছাড়া আগামী ২৩ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। ঋণ প্রস্তাবের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা শেষে চুক্তি চূড়ান্ত করার বিষয়ে পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে।