মাদক উদ্ধারে অভিযানে গিয়ে সীমান্তের ওপারে, ১৫ ঘণ্টা পর দেশে ফিরলেন দুই পুলিশ সদস্য
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর আটক হওয়া পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান পুলিশের সদস্যরা। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সন্দেহভাজন এক মাদক কারবারিকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় ভারতীয় কয়েকজন নাগরিক তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। পরে সহকর্মীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন।
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। দুই পক্ষের আলোচনার পর শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। দুই পুলিশ সদস্য অক্ষত রয়েছেন এবং তাঁদের দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানিয়েছিলেন।
সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুই পুলিশ সদস্যের দেশে প্রত্যাবর্তন নিশ্চিত হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে।