logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা নবাগত ইউএনওর

বালুমহালের অনিয়ম বরদাশত নয়, উন্নয়ন-জনসেবায় সহযোগিতা চাইলেন ইউএনও রিপামনি

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন
বালুমহালের অনিয়ম বরদাশত নয়, উন্নয়ন-জনসেবায় সহযোগিতা চাইলেন ইউএনও রিপামনি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুমহাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিপামনি দেবী। একই সঙ্গে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।


বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউএনও রিপামনি দেবী।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, বালুমহাল, পর্যটনসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা হয়। ইউএনও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করে তাহিরপুরকে একটি আদর্শ ও পর্যটনসমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।


রিপামনি দেবী বলেন, বালুমহাল নিয়ে কোনো ধরনের অনিয়ম কাউকে করতে দেওয়া হবে না। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সরকারি সেবার সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করবে। দায়িত্ব পালনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন। আইনসঙ্গত যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি।


টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেন নবাগত ইউএনও। তিনি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তাহিরপুরকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কাছে পরিচিত করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। সভায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের স্বার্থ রক্ষার বিষয়গুলোও উঠে আসে।


মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা তাহিরপুরের হাওর রক্ষা, পর্যটন উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বালুমহালের অনিয়ম বন্ধসহ বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তারা।


উল্লেখ্য, মিজ রিপামনি দেবীকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয় ১৬ সেপ্টেম্বর জারি করা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পঞ্চগড়ের আটওয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে, বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসান মানিকের স্থলে রিপামনি দেবী তাহিরপুরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17839
Page of