সৎ পথের পথিকরা’ সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ‘সৎ পথের পথিকরা’ সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আয়েশা সিদ্দিকা প্রিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিজা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমেদ এবং জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. এম. এ. জাবেদ খান।
অতিথিরা মানবকল্যাণে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমাজ উন্নয়নে সংগঠনটির মানবিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবী পথচলা আরও সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিলেট ও সিলেটের বাইরের ১০টি সামাজিক ও মানবিক সংগঠনকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ১০ জন নার্স, মিডওয়াইফ ও স্বেচ্ছায় রক্তদাতাকেও সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া সংগঠনের সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক কাকলি বেগমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তিনি সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। মানবতার সেবায় নিজেদের সম্পৃক্ত করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
বক্তারা সংগঠনের সভাপতি আয়েশা সিদ্দিকা প্রিয়ার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রতিকূলতার মধ্যেও তিনি মানবতার জয়গান গেয়ে যাচ্ছেন। নতুন প্রজন্মের স্বেচ্ছাসেবী নারী হিসেবে প্রিয়া, কাকলি ও লিজা মানবিক কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিজা আক্তার। আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাকলি বেগম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ‘সৎ পথের পথিকরা’ সংগঠনটি মানবকল্যাণ ও সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে আসছে। ভবিষ্যতেও মানবতার সেবায় আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।