logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৪ আগস্ট ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার বিষয় তুলে ধরলেন সিসিক প্রশাসক

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ০৩:২৯ পূর্বাহ্ন
সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি মন্ত্রীর কাছে তুলে ধরেন।


রোববার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য বিনিময় করেন।


মতবিনিময়কালে নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। বিগত দিনের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যক্ষ সেবা নিশ্চিত করার জন্য একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।


সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন, নগরীর অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।


মতবিনিময়কালে মন্ত্রী দেশের প্রতিটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।


সিসিক প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর এ মতবিনিময়ে সিলেট নগরীর উন্নয়ন, অবকাঠামো এবং নাগরিক সেবা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। এর মাধ্যমে নগরবাসীর সেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পায়।


মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17165
Page of