জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের নামাজ শেষে সুরমা বাজার মসজিদ থেকে বের হওয়ার সময় আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছ তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন নুরুল ইসলাম।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন।
নুরুল ইসলামের অভিযোগ, জমি নিয়ে আদালতে মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছ তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।
মামলার নথি অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কানাইঘাট উপজেলার কাড়াবল্লাহ পূর্ব মৌজায় অবস্থিত। মামলায় এসএ খতিয়ান-৮২, বিএস খতিয়ান-৬২, বিএস দাগ-৫৭৯ ও নামজারি খতিয়ান-৪৪১ উল্লেখ করা হয়েছে। তফসিলে মোট ০.৮৮ একর জমির বিবরণ রয়েছে।
বাদীপক্ষের দাবি, বিবাদীরা বিরোধপূর্ণ জমির অংশবিশেষ নিয়ে দলিল ও নামজারির মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এ কারণে সংশ্লিষ্ট দলিল ও নামজারি বাতিল এবং তফসিলভুক্ত জমিতে বাদীর স্বত্ব ঘোষণার দাবিতে আদালতে মামলা করা হয়েছে।
নুরুল ইসলাম বলেন, আদালতে মামলা দায়েরের পর থেকেই বিবাদীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাগরিবের নামাজ শেষে সুরমা বাজার মসজিদ থেকে বের হওয়ার সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করছেন। আপস-মীমাংসা না হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
এদিকে অভিযোগের বিষয়ে আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।