logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৩ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী সম্পন্ন

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী সম্পন্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার তিন যুগ পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে একত্রিত হয়ে স্মৃতিচারণ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন সাবেক শিক্ষার্থীরা।


মাদ্রাসার প্রথম ব্যাচের শিক্ষার্থী ও শাহজালাল ক্যাডেট একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আরশ আলী। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য মো. রইছ আলী, মাদ্রাসার শিক্ষক শফিক আহমদ ও সঞ্জয় দাশ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার ১৬তম ব্যাচের শিক্ষার্থী আবু আইয়ুব আনসারী, ১৯তম ব্যাচের শিক্ষার্থী আফজাল হোসেন, ২৫তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুর রহমান এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির শিক্ষার্থী সায়েম উদ্দিন।


এছাড়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক আতাউর রহমান, ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুহিবুল ইসলাম মামুন, ২৪তম ব্যাচের শিক্ষার্থী জামিল আহমদ, ২৩তম ব্যাচের শিক্ষার্থী হাবিবুর রহমান, ১৭তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল আহমদ, ২৬তম ব্যাচের শিক্ষার্থী নুমান ও ইমরান হুসেন, ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছালিম উদ্দিনসহ অ্যালামনাই এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু রায়হান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজ এমরান আহমদ।


বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আসমত আলী সাহেবের মাগফিরাত কামনা, মাদ্রাসার উন্নতি এবং সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন’-এর সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মো. খলিলুর রহমান।


‘প্রতিষ্ঠানের স্মৃতি চির অম্লান’


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী বলেন, বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার তিন যুগ পূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।


তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু ইট-পাথরের ভবন নয়; এটি জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি পবিত্র প্রতিষ্ঠান। এই মাদ্রাসার প্রাঙ্গণে যারা একদিন একসঙ্গে পড়াশোনা করেছেন, আজ তারা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী—কিন্তু সবার হৃদয়ে এই প্রতিষ্ঠানের স্মৃতি চির অম্লান।


‘শিকড়কে স্মরণ করার দিন’


প্রধান বক্তা মাস্টার আরশ আলী বলেন, আজকের পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি শিকড়কে স্মরণ করার দিন, প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং একে অপরের সঙ্গে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার দিন।


তিনি বলেন, ‘ঐতিহ্যের বন্ধনে, স্মৃতির টানে—আবার মিলি প্রাণের প্রাঙ্গণে’—এই স্লোগান পুনর্মিলনীর তাৎপর্যকে সুন্দরভাবে তুলে ধরেছে।


মাস্টার আরশ আলী আরও বলেন, বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।


প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান


সভাপতির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, পুনর্মিলনী থেকে সাবেক শিক্ষার্থীদের অঙ্গীকার করতে হবে—তারা প্রিয় প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকবেন।


দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি মাদ্রাসার উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে অ্যালামনাই এসোসিয়েশনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে নিজেদের শিক্ষাজীবনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17157
Page of