সুষ্ঠু সাংবাদিকতা দেশ ও জনগণকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে পারে: ডা. মোদাব্বির হোসেইন
বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা. মোদাব্বির হোসেইন বলেছেন, সুষ্ঠু সাংবাদিকতা দেশ ও জনগণকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে পারে। ভালো সাংবাদিকতা সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
তিনি বলেন, একজন চিকিৎসক ভালো চিকিৎসা করলে একজন রোগী উপকৃত হন, আর ভুল চিকিৎসায় একজন রোগী ক্ষতিগ্রস্ত হন। কিন্তু একজন সাংবাদিকের একটি অসত্য প্রতিবেদন শুধু ব্যক্তি বা একটি পরিবারকে নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ক্ষতির মুখে ফেলতে পারে। অন্যদিকে একজন সাংবাদিকের একটি ভালো ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন একটি দেশ বা রাষ্ট্রকে যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির মতো ভয়াবহ পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারে।
ডা. মোদাব্বির হোসেইন সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সাংবাদিকরা সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে স্কুল অব জার্নালিজম (এসওজে), সিলেটের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘Workshop on Basic Concept of Journalism’ (সাংবাদিকতার মৌলিক ধারণাবিষয়ক কর্মশালা)-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক মো. দেলওয়ার হোসেন। সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় Online Journalism, Multimedia & Investigative Reporting (অনলাইন সাংবাদিকতা, মাল্টিমিডিয়া ও অনুসন্ধানমূলক প্রতিবেদন) বিষয়ে আলোচনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
TV Reporting & Documentary (টিভি রিপোর্টিং ও ডকুমেন্টারি) বিষয়ে আলোচনা করেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ও Sylhet Electronic and Multimedia Journalist Alliance (SEMJA)-এর সভাপতি দিপু সিদ্দিকী।
Ethics of Journalism/Code of Ethics (সাংবাদিকতার নীতিমালা ও নৈতিক আচরণবিধি) বিষয়ে আলোচনা করেন সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।
Development and Agricultural Journalism (উন্নয়ন ও কৃষি সাংবাদিকতা) বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জেলা সংবাদদাতা এম এ রহিম।
এছাড়া Feature Writing & News Editing (ফিচার লিখন ও সংবাদ সম্পাদনা) বিষয়ে আলোচনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডি এইচ মান্না।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতা কী ও কেন, সংবাদসূত্র ও সংবাদক্লু, প্রতিবেদন রচনা, সংবাদ প্রতিবেদন তৈরির অ্যাসাইনমেন্ট, একজন প্রতিবেদকের যোগ্যতা, ভূমিকা ও দায়িত্ব, সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন (৪আইআর) প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, মাঠপর্যায়ে সাংবাদিকতা, অপরাধ প্রতিবেদন, স্থানীয় সরকার সাংবাদিকতা, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার এবং অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশনের কারিগরি কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং সেগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, প্রতিবেদন লেখা, সংবাদ সম্পাদনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।
দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, সাংবাদিকতার মৌলিক ধারণা, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নতুন ও কর্মরত সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়।