নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সঙ্গে মতবিনিময় করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় ইউএনও হিল্লোল চাকমার আহ্বানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শান্তিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও হিল্লোল চাকমা। তিনি শান্তিগঞ্জের শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময়কালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী জমিরুল ইসলাম মমতাজ, সভাপতি সোহেল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এম এম ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান জামী, কার্যনির্বাহী সদস্য কুহিনূর রহমান নাহিদ এবং সদস্য সোলায়মান আহমদ কামরান ও তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিল্লোল চাকমা সম্প্রতি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন পান। এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের এ মতবিনিময়ের মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।