জাতীয় পর্যায়ে তৃতীয়, এবার ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক পর্যায়ের ইংরেজি ও নেতৃত্বভিত্তিক প্রতিযোগিতা International Round of English and Leadership Olympiad (ILPE 6.0)-এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (জেসিপিএসসি)-এর শিক্ষার্থী এস এম শাহরিয়ার তামিম।
তামিম জেসিপিএসসির দ্বাদশ শ্রেণির বিজ্ঞান 'খ' শাখার শিক্ষার্থী। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ILPE 6.0 প্রতিযোগিতায় জেসিপিএসসির প্রতিনিধিত্ব করে তিনি জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছেন।
প্রতিযোগিতায় অসাধারণ এ সাফল্যের মাধ্যমে তামিম শুধু নিজের নয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশের জন্যও গৌরব বয়ে এনেছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা।
এ বিষয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, “এস এম শাহরিয়ার তামিমের এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তার মেধা, পরিশ্রম ও নেতৃত্বের গুণ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আমরা বিশ্বাস করি, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্বেও সে দেশের জন্য সাফল্য বয়ে আনবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
জেসিপিএসসি পরিবারের পক্ষ থেকে এস এম শাহরিয়ার তামিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্বে তার সাফল্য কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।