logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০১ আগস্ট ২০২৬ ১১:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জীববৈচিত্র্যে সমৃদ্ধ রূপসী টাঙ্গুয়ার হাওর: সংকট ও সম্ভাবনার দোলাচল

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ১১:২৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
জীববৈচিত্র্যে সমৃদ্ধ রূপসী টাঙ্গুয়ার হাওর: সংকট ও সম্ভাবনার দোলাচল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

উত্তরে মেঘালয় পাহাড়ের নীলচে কোল, আর নিচে দিগন্তবিস্তৃত জলরাশি। মেঘের ছায়া আর জলের খেলায় প্রতিনিয়ত রূপ বদলায় উত্তর-পূর্ব বাংলাদেশের অন্যতম পরিচিত জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। স্থানীয় মানুষের ভাষায় ‘ছয় কুড়ি কান্দা আর নয় কুড়ি বিল’-এর সমন্বয়ে গঠিত এই হাওর শুধু একটি বিশাল জলাশয় নয়, এটি একটি অনন্য প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং হাজারো মানুষের জীবিকা ও জীববৈচিত্র্যের অন্যতম আধার।


বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর সাগরের মতো বিশাল জলরাশিতে পরিণত হয়। আবার শুষ্ক মৌসুমে পানি কমে গেলে সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য বিল। হিজল, করচ, নলখাগড়া ও চ্যাওড়াসহ জলসহিষ্ণু উদ্ভিদের সমন্বয়ে গড়ে ওঠা এই জলাভূমি দেশের দ্বিতীয় রামসার সাইট (Ramsar Site) হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।


টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সমৃদ্ধ মৎস্যসম্পদ ভাণ্ডার। এখানে প্রায় ১৪১ প্রজাতির দেশীয় মাছের বিচরণ রয়েছে। বাতাসিয়া, মহাশোল, রানী, রুই, কাতল, চিতলসহ নানা প্রজাতির মাছের পাশাপাশি বিপন্ন উভচর ও সরীসৃপ প্রাণীরও নিরাপদ আবাসস্থল এই হাওর।


শীতকাল এলেই টাঙ্গুয়ার হাওর পরিণত হয় পরিযায়ী পাখির অভয়ারণ্যে। সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও হিমালয়ের পাদদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে লাখো পরিযায়ী পাখি এখানে আশ্রয় নেয়। লেঞ্জা হাঁস, বালিমুড়ি, ভূতিহাঁস, পিয়ং হাঁস ও রাজহাঁসের কূজনে মুখর হয়ে ওঠে পুরো হাওর। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।


সাম্প্রতিক বছরগুলোতে টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে ঐতিহ্যবাহী বজরা ও আধুনিক হাউজবোটে করে হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। পর্যটনকে ঘিরে নৌকা চালনা, পর্যটক গাইড, মাছ ও শুঁটকি বিক্রিসহ বিভিন্ন পেশার মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।


তবে সম্ভাবনার পাশাপাশি নানা সংকটও দেখা দিয়েছে। অনিয়ন্ত্রিত পর্যটন, হাউজবোট থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ফেলা, শব্দদূষণ, অবৈধভাবে মাছ শিকার এবং হিজল-করচসহ জলজ উদ্ভিদ নিধনের কারণে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।


বিশেষজ্ঞ ও স্থানীয় বাসিন্দাদের মতে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত পর্যটন নীতিমালা বাস্তবায়ন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং অভয়াশ্রমগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রশাসনের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষ ও পর্যটকদের সচেতন অংশগ্রহণই পারে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16707
Page of