জগন্নাথপুর প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মূলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন জগন্নাথপুর প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে জগন্নাথপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটের সহকারী অধ্যাপক ডা. মধুসূধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ এবং জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন। এছাড়া বক্তব্য দেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, দুর্নীতি দমন পরিচালক মাওলানা মুহিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সদস্য আল আমিন, খেলাফত মজলিস উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুর রহমান সাজাওয়ার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শামীম আহমদ, ফেয়ার ফেইস জগন্নাথপুরের স্থায়ী কমিটির সভাপতি শামীম আহমদ, অল টাইম ক্লিন সামাজিক সংগঠনের সভাপতি শাহজাহান মিয়া এবং জহির স্পোকেনের পরিচালক জহির আহমদসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৪৩ বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথপুর প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে হাতে হাতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে এক শ্রেণির কথিত বা অপ-সাংবাদিক তৈরি হয়েছে, যারা সাংবাদিকতার ন্যূনতম নীতি-নৈতিকতা অনুসরণ না করে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করছে। এতে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এ ধরনের অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য এস এম ফরিদ। সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি জগন্নাথপুরের নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন। আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।