সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ
ডেস্ক নিউজ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
পরে তিনি পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
সন্ধ্যায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।