জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকায় বাস্তবায়নাধীন উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি উপজেলার হালির হাওরসহ প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
জানা যায়, হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কুকুরাপাড়শি জিরো পয়েন্ট (চেইনেজ ১১.৩২৯ কিলোমিটার) থেকে ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও পয়েন্ট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের মানুষের সারা বছরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।