সুনামগঞ্জের ব্যারিস্টার আবিদুল হক সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের ব্যারিস্টার আবিদুল হক। শনিবার (১ আগস্ট) দুপুরে তিনি নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৩০ জুলাইয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে। ব্যারিস্টার আবিদুল হক তাদের অন্যতম।
ব্যারিস্টার আবিদুল হকের পিতা প্রয়াত ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং সুনামগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিনের আহ্বায়ক ও সভাপতি ছিলেন।
সুনামগঞ্জ জেলা শহরতলীর ষোলঘর এলাকার বাসিন্দা ব্যারিস্টার আবিদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।