সিলেট-জাফলং রেললাইন নির্মাণের উদ্যোগ: রেল সচিবকে নিয়ে জাফলং পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলং পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার বিকেলে বাসযোগে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনকে সঙ্গে নিয়ে জাফলংয়ে পৌঁছান মন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিনিধি দল সিলেট-জাফলং সম্ভাব্য রেলপথের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেন।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-জাফলং রেলপথ চালু হলে জাফলংয়ে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। রেলপথ চালু হলে সাধারণ মানুষ নানামুখী সুবিধা পাবেন। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি ট্রেনের পণ্যবাহী ওয়াগনের মাধ্যমে কম খরচে ও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। একই সঙ্গে গোয়াইনঘাটসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।