ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর কান্দাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক নারীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিউলী আক্তার বাদী হয়ে ২৮ জুলাই ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর কান্দাহাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নূর সালাম (২৮), রমান (২০), স্বপন মিয়া (৪১), আলী আকবর (৪৫), রুমা আক্তার (৩৬) ও বিল্লাল মিয়া (৪৭)সহ একটি সংঘবদ্ধ দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা বাদীর বসতঘরের বেড়া ভাঙচুর করতে শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় বাধা দিলে অভিযুক্তরা দা, খুর, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলার সময় শিউলী আক্তার, মনসুর আলম ও লাদেন মিয়াকে মারধর করে গুরুতর আহত করা হয়।
এ সময় প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং বসতঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত মনসুর আলমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।