হবিগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি: ‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নিমতলায় এসে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক রহমান এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও ফুলের গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের যে লক্ষ্য নির্ধারণ করেছেন, এই কর্মসূচি তারই অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না; অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাতদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির গাছ সংগ্রহের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।