logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১২ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: এমপি এস.এম. ফয়সল

চ্যানেল জৈন্তা নিউজ ১২ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ অক্টোবর ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: এমপি এস.এম. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশে নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে।


রোববার (৪ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, বিগত সরকারের আমলে দেশের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।


উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এক বছরের কাজ একদিনে করা সম্ভব নয়। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।


নিজের প্রত্যাশার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, “আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের উন্নয়ন করা এবং তাদের খেদমত করার সুযোগ পাওয়া—এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। এলাকার মানুষের জন্য কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”


আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আল আমিন ও ছায়েদ মিয়াসহ স্থানীয় নেতারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18102
Page of