logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০১ অক্টোবর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামোয় ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০১ অক্টোবর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামোয় ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় নতুন সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক পুনর্বাসনের কাজ করা হবে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, হবিগঞ্জের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো যথাযথভাবে ও সময়মতো বাস্তবায়ন করা গেলে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।


তিনি বলেন, জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।


সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। হবিগঞ্জে এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক শক্তিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় ক্লাব ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসন ও পুলিশের নিয়মিত সমন্বয় থাকতে হবে। কোনো সমস্যা বা অভিযোগ দেখা দিলে দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এস এম ফয়সল, আবু মনসুর সাখাওয়াত হাসান ও শাম্মী আক্তার, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এর আগে মন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17955
Page of