logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ মে ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে তিনদিনব্যাপী ‘ঈদ হেনা ফেস্টিভ্যাল’ শুরু

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
ছাতকে তিনদিনব্যাপী ‘ঈদ হেনা ফেস্টিভ্যাল’ শুরু

ছাতক প্রতিনিধি। 

ছাতকে ঈদুল আজহা উপলক্ষে নারীদের জন্য আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী তিনদিনব্যাপী “ঈদ হেনা ফেস্টিভ্যাল”। ঈদের আনন্দকে আরও রঙিন ও উৎসবমুখর করে তুলতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


ছাতক উপজেলা এলাকায় ছাতক উদ্যোক্তা মেলার অংশ হিসেবে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে তরুণী ও নারীদের মাঝে মেহেদি লাগানোর জনপ্রিয়তাকে কেন্দ্র করে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।


ঈদকে সামনে রেখে শহরের মার্কেট ও শপিংমলগুলোতে কেনাকাটার ব্যস্ততা বাড়লেও নারীদের কাছে মেহেদি উৎসব আলাদা আকর্ষণ তৈরি করেছে। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করতে ব্যতিক্রমধর্মী ডিজাইনে দক্ষ শিল্পীদের মাধ্যমে মেহেদি পরিয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।


আয়োজক রাহমাত আক্তার ও জুবায়েদ আহমদের সহযোগিতায় এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগ্রহীদের জন্য অভিজ্ঞ শিল্পীরা দুই হাতে নান্দনিক ও আকর্ষণীয় ডিজাইনে মেহেদি এঁকে দিচ্ছেন।


২৫ মে সোমবার দুপুর ২টায় মানিক মিয়া লিটুর পরিচালনায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবিকা ও শিক্ষানুরাগী ফাতেমা চৌধুরী।


এ সময় আরও উপস্থিত ছিলেন কাওসার তালুকদার, আয়েশা স্বপন, সাংবাদিক সেলিম মাহবুব, আমির আলী, উদ্যোক্তা মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ছাতক তাহির প্লাজার পেছনে পৌরসভার সড়কে অবস্থিত নিউ ক্যাফে কর্নারে আয়োজিত এই মেহেদি উৎসব ঈদের চাঁদরাত পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15665
Page of