logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে আধুনিক এলইডি লাইট বসানো হবে: সিসিক প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে আধুনিক এলইডি লাইট বসানো হবে: সিসিক প্রশাসক

সিলেট নগরীকে আধুনিক, নিরাপদ ও আলোকিত শহর হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


রোববার (২৪ মে) রাতে পৃথক দুটি স্থানে ফলক উন্মোচন ও ফিতা কেটে আধুনিক আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


Sylhet City Corporation-এর উদ্যোগে তিনি প্রথমে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রাম ভোলাইমিল থেকে কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়কবাতি এবং পরে ২৬, ২৭, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডের রোড ডিভাইডারে আধুনিক সড়কবাতি প্রকল্পের উদ্বোধন করেন। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে।


উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে পুরো নগরে আধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে। পাশাপাশি এসব আলোকসজ্জার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।


প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, এই এলইডি লাইট স্থাপনের ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে। এছাড়া স্মার্ট কন্ট্রোল সিস্টেম চালুর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে। এটি রাতে সড়ক দুর্ঘটনা হ্রাস ও পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোঃ আশিক নূর, প্রধান প্রকৌশলী মোঃ আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15677
Page of