আলীনগর সংঘর্ষের ক্ষতিগ্রস্তদের পাশে দিরাই উপজেলা বিএনপি, শান্তি ফেরানোর আহ্বান
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (২৪ মে) বিএনপি নেতারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মানিক সামাদ তালুকদার ও আজাদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন তরুণ দলের আহ্বায়ক সুহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক উলাদ মিয়া এবং রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “আলীনগরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা চাই আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।”
উল্লেখ্য, গত ১২ মে বিকেলে ইউপি সদস্য শাহদ্বীপ আলী ও যুবলীগ নেতা আব্দুল মুহিতের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত রতন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।