logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান বিতরণে বাণিজ্যমন্ত্রী: ‘তাদের পরিশ্রমেই শহর এত সুন্দর’

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
সিলেটে পরিচ্ছন্নতাকর্মীদের অনুদান বিতরণে বাণিজ্যমন্ত্রী: ‘তাদের পরিশ্রমেই শহর এত সুন্দর’

সিলেট নগরীর পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।


রোববার (২৪ মে) বিকেলে সিলেট নগর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই শহর এত সুন্দর থাকে। তাদের কাজকে সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব ও সম্মানের সঙ্গে দেখেন।


Sylhet City Corporation-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে শহরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে নতুন কোয়ার্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ববোধ আরও বাড়াবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।


সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিকের সচিব মোঃ আশিক নূর, প্রধান প্রকৌশলী মোঃ আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ৪১ লাখ ৩৫ হাজার টাকা এবং সিসিকের নিজস্ব তহবিল থেকে ১৬ লাখ ৫৫ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৯০ হাজার টাকা বিশেষ অনুদান হিসেবে বিতরণ করা হয়। এর আওতায় সিসিকের ১ হাজার ১৫৮ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15676
Page of