বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ: ৮৩৪ পরিবার পেল চাল ও নগদ অর্থ
বিশ্বনাথ প্রতিনিধি।
সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে বিশ্বনাথে ৮৩৪টি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে ক্ষতিগ্রস্ত বোরোধান চাষীদের মাঝে এ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা।
এ সময় তিনি ৮৩৪টি পরিবারের প্রত্যেককে ১৫ কেজি করে চাল এবং নগদ ৩,০০০ টাকা করে সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
এছাড়া দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।