মধ্যনগরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০২৫ কৃষক পেলেন নগদ সহায়তা
সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০২৫ জন কৃষক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে Islamic Relief Bangladesh।
১১ মে সোমবার বিকাল ৩টায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ। প্রোগ্রাম অফিসার তাহসিন আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দিন শাহিন এবং অরুপ রতন দাস।
বক্তারা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে বহু কৃষক পরিবার আর্থিক সংকটে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই নগদ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।