লাখাইয়ে পানি নামলেও কৃষকের স্বপ্ন ভেসে গেছে, পচে নষ্ট বোরো ফসল
হবিগঞ্জ।
হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরের পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও কৃষকদের মুখে নেই স্বস্তি, বরং নেমে এসেছে গভীর হতাশা ও শোকের ছায়া। দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া বোরো ফসল এখন পচে নষ্ট হয়ে গেছে।
মঙ্গলবার (১২ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যেসব হাওর এলাকায় থৈ থৈ পানি ছিল, সেখানে এখন পচে যাওয়া ধানের শীষ ভেসে উঠছে। বাতাসে ছড়িয়ে পড়ছে পচা ধানের দুর্গন্ধ।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগাম বন্যায় জমি তলিয়ে যাওয়ার পরও তারা আশা করেছিলেন পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল রক্ষা করা যাবে। কিন্তু দীর্ঘ সময় পানির নিচে থাকায় ধানের শীষে ব্যাপক পচন ধরে সবই নষ্ট হয়ে গেছে।
একজন ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “পানির নিচে যখন ধান আছিল, তখনো একটা আশা আছিল। অহন পানি কমলেও সব ধান পইচ্যা গেছে। এই দৃশ্য দেখার মতো না, আমাদের সারা বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে।”
উপজেলার নিচু এলাকার বোরো ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকশ হেক্টর জমির ধান এখন গবাদিপশুর খাদ্য হিসেবেও অনুপযোগী হয়ে পড়েছে। এতে ঋণ ও ধার করে চাষ করা শত শত কৃষক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।
স্থানীয়রা দাবি জানিয়েছেন, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনগুলোতে এলাকায় খাদ্য ও অর্থ সংকট আরও তীব্র হবে।