প্রেমের সম্পর্কের জেরে অপহরণ ও ধর্ষণ: সুনামগঞ্জে এক ব্যক্তির যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আলোচিত অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ রায় দেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আলী আহমদ (৫৩)।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শামছুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ এপ্রিল জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক ভিক্টিমের বাড়িতে ধানকাটা শ্রমিক হিসেবে যান আলী আহমদ। এ সময় ওই তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা আলী আহমদকে বাড়ি থেকে বের করে দেন। এতে তিনি ক্ষুব্ধ হন।
একই বছরের ১৪ জুন ওই তরুণী বড় বোনের বাড়িতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পঞ্চগ্রাম যাত্রী ছাউনি এলাকা থেকে আলী আহমদসহ কয়েকজন তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেটের কানাইঘাট উপজেলার কানধলা গ্রামের একটি বাড়িতে আটকে রেখে আলী আহমদ একাধিকবার তাকে ধর্ষণ করেন।
পরে পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় তরুণীকে উদ্ধার করেন। ঘটনার পাঁচদিন পর, ১৯ জুন পরিবারের পক্ষ থেকে আলী আহমদের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার বিচারকার্য চলাকালে আদালত ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামছুর রহমান বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি আইনের শাসনের একটি দৃষ্টান্ত।”