প্রকাশ্য লটারিতে নির্ধারণ হলো ছাতকের ধান বিক্রেতা কৃষকদের তালিকা
ছাতক প্রতিনিধি।
ছাতক খাদ্যগুদামে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ১ হাজার ৩৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে ধান বিক্রেতা কৃষকদের দীর্ঘ তালিকা থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
রোববার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়-এ কৃষক, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লটারি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, ওসিএলএসডি আশিষ কুমার সরকার, কৃষক প্রতিনিধি ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, জাহেদুল ইসলাম আবাব, মো. কবির আহমদ, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তালুকদার, আব্দুল কাইয়ুম, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, মো. মজনু মিয়া, ফখরুল ইসলাম, বদরুল আলম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।