গোলাপগঞ্জে মোটরসাইকেলে সিএনজি থামিয়ে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই
গোলাপগঞ্জ প্রতিনিধি।
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলে এসে সিএনজি আটকিয়ে ইসলামী ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ হাজী মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। পরে তারা সিএনজিযোগে সিলেট–জকিগঞ্জ সড়কের দিকে রাজাগঞ্জের উদ্দেশে রওনা হন।
দাঁড়িপাতন এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে একটি মোটরসাইকেল সামনে এসে দাঁড়ায়, পরে আরও দুটি মোটরসাইকেলের আরোহীরা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে।
একপর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ আলী বলেন, “ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী আমাদের সিএনজির গতিরোধ করে অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।