জগন্নাথপুরে পরিত্যক্ত টিনশেড ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে আনাস আলী (১৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনাস আলী জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ গ্রামের মৃত আজমান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনাস আলী গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বাড়িতে অনিয়মিত থাকতেন এবং অধিকাংশ সময় রাস্তায় ঘুরে বেড়াতেন।
রোববার সকালে স্থানীয়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের দক্ষিণ পাশে একটি বন্ধ টিনশেড ঘরের ভেতর তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।